বান্দরবান: জেলার
লামা উপজেলায় বসত ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, ক্যহ্লাচিং মার্মা (৭৫) ও তার স্ত্রী চিংহ্লানি মার্মা (৫০)। শুক্রবার গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ছোট পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ক্যহ্লাচিং মার্মা ইয়াংছা ছোট পাড়ার বাসিন্দা মৃত মংছাচি মার্মার ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও ক্যহ্ণাচিং মার্মা ও তার স্ত্রী খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুইজনকেই গলা কেটে হত্যা করে ঘরে রক্ষিত টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুসিং মার্মা বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নিহত ক্যহ্লাচিং মার্মার সাথে তার বড় ভাই ও ছেলে মেয়েদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে বৈঠকও হয়।
স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।