• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

মাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৪ সন উদযাপিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্র, পান্তা ভাতের আয়োজন, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল ইত্যাদি।
১৪ এপ্রিল শুক্রবার বাংলা নববর্ষ ১৪২৪ সন উপলক্ষে নববর্ষকে স্বাগত জানিয়ে দিনাজপুর জেলা প্রশাসন ও বৈশাখী উৎসব উদযাপন পরিষদ’র উদ্যোগে দিনাজপুর বড়মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রার নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
মঙ্গল শোভাযাত্রায় নানা রঙের মুখোশ পড়ে, মাথায় গামছা বেধে, গ্রাম বাংলার ঐতিহ্য গরুর গাড়ী, ঘোড়ার গাড়ী, মহিষের গাড়ী, হাতি, পালকি, তীর-ধনুক, বিভিন্ন জীবজন্তুর ছবি, নৌকায় চড়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেয়। এছাড়া কিষাণ-কিষাণী, জেলে, তাঁতী, কামার-কুমার, বর-কনে, ডাক্তার, নার্স, দরবেশ, পাগলা বাবা, বৈরাগীসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও কিশোর-কিশোরী ও নানা বয়সের নারী-পুরুষ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অতিথিদের মধ্যে অংশ নেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. হামিদুল আলম, দিনাজপুর বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক মো. সফিকুল হক ছুটু, সদস্য সচিব ও দিনাজপর শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহফুজ্জামান আশরাফ, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার মো. সিদ্দিক গজনবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, দিনাজপুর সভাপতি স্বরুপ কুমার বক্সী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, শহর আ’লীগের সাধারণ এসএম খালেকুজ্জামান রাজুসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। আরো অংশ নেয় দিনাজপুর জিলা স্কুল, সরকারী বালিকাা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল), সারদেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, ইকবাল উচ্চ বিদ্যালয়, দিনাজপুর উচ্চ বিদ্যালয়, দিনাজপুর নার্সিং কলেজ, দিনাজপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের নিজস্ব ভ্যানুতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান কর্মসূচী পালন করে।
দিনাজপুর জেলা প্রশাসন ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে শিশু একাডেমী মিলনায়তনে সকালে শিশুদের জন্য চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এছাড়া গোর-এ-শহীদ বড় ময়দানে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।
এদিকে দিনাজপুর স্টেশন ক্লাবের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে সকালে ক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভাত খাওয়ার আয়োজন করা হয়। এতে হুইপ ইকবালুর রহিম এমপি, ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক জেলা প্রশাসক মীর খায়রুল আলম, অতিথি পুলিশ সুপার মো. হামিদুল আলমসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলা নববর্ষ উপলক্ষে হাসপাতাল, কারাগার, শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
দিগন্ত শিল্পী গোষ্ঠি চাউলিয়াপটিস্থ নিজস্ব কার্যালয়ে সকালে পান্তা ভাত খাওয়ার আয়োজন করে ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করে। এতে সংগঠনের নিজস্ব শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পান্তা ভাত, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বৈশাখী মেলার আয়োজন করে।
এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো হয়। এছাড়া সাদা পোষাকে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
হাবিপ্রবি, দিনাজপুর ঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপিত হয়েছে। পুরাতন, জরা আর জীর্ণকে বিদায় জানিয়ে শুভ, সুন্দর ও মঙ্গলকে বরণ করার আকাঙ্খা ও সম্ভাবনায় হাবিপ্রবি’র ছাত্র-ছাত্রীরা মেতে উঠে আনন্দ উল্লাসে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় নতুন রূপে। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম’র নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় ঢাক-ঢোল, বাঁশি আর একতারার সুরে নেচে-গেয়ে তারুণ্যের উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্র-ছাত্রীরা। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা।
শোভাযাত্রা শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত বেশাখী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখা, সাংস্কৃতিক সংগঠন অর্ক, রোটার‌্যাক্ট ক্লাব, ইন্টারন্যাশনাল স্টুডেন্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানাবিধ কর্মসূচি পালন করে। নববর্ষ উপলক্ষে ক্যাম্পাসে মোট ২৫টি স্টল বসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ