গোলাম মুূর্ত্তজা, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রক্টর (চলতি দায়িত্ব) মীর তামান্না সিদ্দিকার পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। ওই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দিপু চন্দ্র রায়ের বাবার মৃত্যুর জন্য প্রক্টরকে দায়ি করে সোমবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ১১ টায় বিভাগের শিক্ষার্থীরা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন গণযোগাযেগ ও সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী মো: মঈন আলী, ২য় ব্যাচের শিক্ষার্থী মো: তৌহিদ হোসেন, ৩য় ব্যাচের শিক্ষার্থী ফজলে রাব্বি, ৫ম ব্যাচের শিক্ষার্থী মারিয়া খাতুন প্রমুখ। মারুফ ভূইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, প্রক্টর শিক্ষার্থীদের অভিভাবক হয়েও মিথ্যা অভিযোগে দিপুকে ক্ষমতার অপব্যবহার দেখিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। বিনা অপরাধে দীর্ঘ ৫ ঘন্টা আটক করে রেখেছেন। আর এ কথা শুনে দিপুর বাবা হার্টস্ট্রক করে মারা যায়। এমন স্বেচ্ছাচারী প্রক্টরকে শিক্ষার্থীরা চায় না। তার এ ধরনের হীন মানসিকতাকে তীব্র নিন্দা জানিয়ে বক্তারা তার পদত্যাগ দাবি করেন ।
এদিকে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে হেয়াত মামুদ ভবনের সামনে এসে শেষ হয় এবং সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঘোষনা করা হয়, স্বেচ্ছাচারী প্রক্টর পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে প্রক্টর (চলতি দায়িত্ব) মীর তামান্না সিদ্দিকার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটা মিথ্যা অভিযোগে শিক্ষার্থীরা আমার পদত্যাগের দাবি করেছে । আমাকে টিজ করার কারণে দিপু রায়কে সাময়িক সময়ের জন্য আটক রাখা হয়েছিল। এটা যদি বাড়াবাড়ি হয়, তাহলে তো বাংলাদেশে আইন ব্যবস্থা উঠে যাবে।