• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

পাঁচবিবিতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জয়পুরহাট: জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমর ফারুক সোহেল (২৭) ও সালমান শাহ (২৬)। আহত হলেন- মোটরসাইকেল চালক অর্নব (২৮)।

নিহত সোহেল জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার টিঅ্যান্ডটিপাড়ার নুরুল ইসলামের ছেলে এবং সালমান শাহ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের সানাউল্লাহর ছেলে। আহত অর্নবের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা শহরের পাঁচমাথা এলাকায়।

পাঁচবিবি থানার ওসি ফরিদ হোসেন জানান, জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় জয়পুরহাটগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে তিন আরোহীসহ আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সোহেল রানা ঘটনাস্থলেই নিহত এবং চালকসহ দুজন গুরুতর আহত হন।

তাদের আশংকাজনক অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করার পর অবস্থার আরও অবনতি ঘটলে সেখান থেকে তাদের দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা সালমান শাহকে মৃত ঘোষণা করেন।

অপর আহত অর্নবের অবস্থাও সংকটাপন্ন বলে জানান ওসি। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালককে আটক করতে পারেনি পাঁচবিবি থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ