ঢাকা, ১৯ ফেব্রুয়ারী: নাশকতার ৬ মামলায় ময়মনসিংহ, নেত্রকোনা ও কুমিল্লা বিএনপির ৬৩৯ নেতা-কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
সোমবার এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিএনপির নেতা-কর্মীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। এর আগে হা্ইকোর্টের অপর একটি বেঞ্চ একই ধরনের মামলায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা চেয়ারম্যানসহ ৭৫ জনের জামিন দিয়েছেন। তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার তানজিব সিদ্দিকী।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন মিলে ১ হাজারেরও বেশি নেতাকর্মী আগাম জামিনের জন্য হাইকোর্টে অপেক্ষা করছেন।
সোমবার সুপ্রিমকোর্ট চত্বর এবং হাইকোর্টের সংশ্লিষ্ট কোর্টের সামনের বারান্দায় তাদের উপস্থিতি রয়েছে লক্ষ্য করার মতো।