ঢাকা, ০৪ ডিসেম্বর।। বিএনপি আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনের প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের। পাশাপাশি দলটি মনোনয়ন বাণিজ্যে জড়িত বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার সকালে ধানমণ্ডিতে চলমান পরিস্থিতি নিয়ে সংবাদিকদের তিনি বলেন, বিপুল সংখ্যক নেতাকে তালিকায় রেখে মনোনয়ন দেয়ার নামে টাকা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপির কিছু জ্যেষ্ঠ নেতা।
নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ওবায়দুল কাদের। বিএনপিসহ অন্য দলগুলোর অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও, আওয়ামী লীগের মাত্র ৩ জন, এর পেছনে সরকারের ভূমিকা আছে কি-না, এ প্রশ্ন রাখা হয় তার কাছে।
জবাবে ওবায়দুল কাদের বলেন, বাতিল হবে জেনেও বাণিজ্যের উদ্দেশ্যেই এত বেশি ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আরপিও অনুযায়ী তাদের মনোনয়নপত্রেও ছিলো নানা ত্রুটি।
আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে যাবে, বিএনপি ও এর শরিক দলগুলোর এমন বক্তব্যকে হাস্যকর বলেও নাকচ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি-জোট দেশ অস্থিতিশীল করে নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত আছে বলেও অভিযোগ ওবায়দুল কাদেরের।