
সিসি নিউজ, ১৪ ডিসেম্বর।। প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতাসহ ১৮ দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি। শুক্রবার দলের চেয়ারম্যানের বিশেষ সহকারী রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির নির্বাচনি ইশতেহার তুলে ধরেন।
ইশতেহারে বেশি গুরুত্ব দেয়া হয়েছে প্রাদেশিক ব্যবস্থাকে। রাজধানীকে বাসযোগ্য করতে এর বিকেন্দ্রীকরণ করে দেশের ৮ বিভাগ নিয়ে ৮টি প্রদেশ গঠনের কথা তুলে ধরা হয়েছে ইশতেহারে।
বলা হয়েছে, ঢাকা শহরের ৫০ শতাংশ সদর দপ্তর প্রদেশিক রাজধানীতে স্থানান্তরের কথাও। ইশতেহারে দুই স্তর বিশিষ্ট সরকার ব্যবস্থা চালুর কথাও তুলে ধরা হয়েছে।
রুহুল আমিন হাওলাদার জানান, ক্ষমতায় গেলে তিন মাসের মধ্যে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করা হবে।