• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক ।। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারে মতো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। বৃষ্টি আইনে দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে ১০৩ রানে জিতে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ ইনিংসে দুই দফা বৃষ্টির কারণে প্রায় ১ ঘণ্টার মতো বন্ধ ছিল খেলা। শ্রীলঙ্কার ইনিংসের ৩৮তম ওভারে আবার বৃষ্টি নামলে আরো ৪০ মিনিটের মতো খেলা বন্ধ থাকে। তখন ৯ উইকেট হারানো লঙ্কানদের সংগ্রহ ১২৬ রান। পরে বৃষ্টি আইনে ৪০ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রানের। ফলে জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন পড়ে ১১৯ রান। পরে ১৪১ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। ১০৩ রানে জয় পায় বাংলাদেশ দল।

আইসিসির নিয়ম অনুযায়ী সুপার লিগের সেরা ৮ দল সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলবে। তারই অংশ হিসেবে এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৩০ পয়েন্ট পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডে গিয়ে ০-৩ ব্যবধানে হারায় নামের পাশে পয়েন্ট যোগ হয়নি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুর দুই ম্যাচ জিতে ইতিহাস গড়া সিরিজ জয়ের পাশাপাশি ২০ পয়েন্ট তুলে নিয়েছে বাংলাদেশ দল।

এই জয়ের ফলে ৮ ম্যাচে ৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় উঠেছে অধিনায়ক তামিম ইকবালের দল। ৯ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। তিন ও চার নম্বরে থাকা পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার সমান ৬ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট। তিন ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান নিউজিল্যান্ডের। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা শ্রীলঙ্কার ৫ ম্যাচে কোনো জয় নেই।

এদিকে মুশফিকুর রহিমের শতকের উপর ভর করে জেতা ম্যাচে রেকর্ড বইয়ে বাংলাদেশ দল। ২০০২ সাল থেকে চলমান সিরিজের আগ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ দল। যেখানে ৬টি সিরিজ লঙ্কানদের দখলে। বাকি দুটি সিরিজ ড্র হয়। এবার সিরিজ জয়ের আক্ষেপ ঘোচাল টাইগাররা। এতে এশিয়ার সবগুলো পরাশক্তিদের বিপক্ষে সিরিজ জয়ের নজির গড়লো লাল-সবুজের প্রতিনিধিরা।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে আগে ব্যাট করে ২৪৬ রানের পুঁজি পায় স্বাগতিকরা। ২৪৭ রানের লক্ষ্য টপকাতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি সফরকারীরা। আগের ম্যাচে ২২৪ রানে অল আউট হয়ে ৩৩ রানে ম্যাচ হারা লঙ্কানরা এ ম্যাচে বৃষ্টি আইনে করে ১৪১ রান। এতে ১০৩ রানে জয় পায় বাংলাদেশ দল।

লক্ষ্য তাড়ার শুরুতেই অধিনায়ক কুশল পেরেরার উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ২৪ রানের সময় ব্যক্তিগত ১৪ রানে মিড অনে তামিম ইকবালের হাতে ক্যাচ দেন তিনি। অভিষেক হওয়া শরিফুল ইসলামের এটি আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট। ২৪ রান করে মুস্তাফিজের শিকার হন আরেক ওপেনার গুনাথিলাকা। খানিক বাদে নিশাঙ্কাকে ফেরান সাকিব। মিড উইকেটে তিনবারের চেষ্টায় বলকে তালুবন্দি করেন তামিম।

পরে ১০ রানে থাকা ধনঞ্জয়াকে আউট করে মাশরাফিন বিন মুর্তজার রেকর্ড স্পর্শ করেন সাকিব। দেশের হয়ে ওয়ানডেতে ২১০ ম্যাচে মাশরাফির উইকেট ২৭০টি। তার মধ্যে ১টি নিয়েছিলেন এশিয়া একাদশের হয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নিয়ে ২১১ ম্যাচে ২৬৯ উইকেট স্পর্শ করেন সাকিব। আরেকটি উইকেট নিলেই ছাড়িয়ে যাবেন মাশরাফিকে।

ধনঞ্জয়ার আউটের পর বান্দারা (১৫), সানাকা (১১), হাসারাঙ্গারা (৬) ব্যাট হাতে সুবিধা করতে না পারলে বৃষ্টির পর ১৪১ রানে থামে লঙ্কানদের ইনিংস। ফল ১০৩ রানে জয় তুলে সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ও মিরাজ ৩টি করে উইকেট নেন। সাকিবের দখলে ২টি। মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়া সাইফউদ্দিনের পরিবর্তে বল করতে নেমে উইকেটের দেখা পাননি তাসকিন আহমেদ। ৮ ওভার বল করে ২৭ রান খরচ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ