সিসি নিউজ ।। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের তৃতীয় খেলায় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব জয়ী হয়েছে। আজ শনিবার (৮ জানুয়ারী) বিকেল সাড়ে তিনটায় সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের বেলাইচন্ডী বাস স্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে ওই ফুটবল টূর্ণামেন্টের তৃতীয় খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ৩-০ গোলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়েছে।
খেলা শুরুর ৫ মিনিটের মধ্যে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব প্রথম গোলটি করে। আর দলের পক্ষে প্রথম গোলটি করেন ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রুমন। এতে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ১-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের খেলাটি তীব্র উত্তেজনাপূর্ণ হয়। খেলার শেষ ভাগে কৃষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব পর পর আরো দুইটি গোল করতে সক্ষম হয়। দলের পক্ষে দ্বিতীয় ও তৃতীয় গোলটি করেন যথাক্রমে ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাদ্দাম এবং ১৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাদল।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন পার্বতীপুরের মো. কামরুল হক কামু। আর পুরো খেলায় ধারাভাষ্য দেন দিনাজপুরের বীরগঞ্জের তাইফুল ইসলাম তপু।
খেলায় প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বতীপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক সরদার এবং বিশেষ অতিথি ছিলেন বেলাইচন্ডী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কৃষিবিদ নুর মোহাম্মদ রাজা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটি উপদেষ্টা ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল আজিজ ও পার্বতীপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব মো. জালাল উদ্দীন আহমেদ, সভাপতি একেএম খুরশীদ আলম মজনু,সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব,সাধারণ সম্পাদক মো. বাবর আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আগামী ১৪ জানুয়ারী (শুক্রবার) বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী বনাম পঞ্চগড় দল পরস্পরের মুখোমুখি হবে।
এর আগে গত ৩১ ডিসেম্বর দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য, বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের চতুর্থ আসরে মোট আটটি ফুটবল দল অংশ গ্রহণ করছে।