সিসি নিউজ ডেস্ক ।। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ রোববার দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮ (১) ধারা অনুযায়ী দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
২০১৯ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১ তম সম্মেলনে ১৯ সদস্যের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের নাম ঘোষণা করা হয়। এ কমিটিতে ছিলেন—দলীয় সভাপতি শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, কাজী জাফরউল্লাহ, মোহাম্মদ নাসিম, আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, ওবায়দুল কাদের, রশিদুল আলম, মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আব্দুস সোবহান গোলাপ। পরে সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে যুক্ত করা হয়। তাঁদের মধ্যে মোহাম্মদ নাসিম মারা গেছেন।
আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এ বৈঠকে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের দলীয় প্রার্থী এবং ৬১টি জেলা পরিষদের নির্বাচনের দলীয় সমর্থিত প্রার্থী চূড়ান্ত করা হবে।