সিসি নিউজ।। ভারতে গিয়েও শেষ রক্ষা বিনাভোটের সরকারের অবৈধ প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর ৪৪তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে আজ রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয় বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা ও পৌর শাখা আলোচনাসভার আয়োজন করে। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিলকিস ইসলাম আরও বলেন,ভারত থেকে খালি হাতেই ফিরতে হয়েছে হাসিনাকে । বাংলাদেশের ন্যায্য দাবী তিস্তা নদীর পানির হিস্যা আদায় তো দূরের কথা জনগণের জন্য কিছুই আনতে পারেননি। আওয়ামীলীগ তা কোনদিন পারবেওনা।
তিনি আরও বলেন, বড় বড় প্রকল্পগুলোর বরাদ্দকৃত সিংহভাগ অর্থ পকেটস্থ করেছে আওয়ামীলীগের নেতারা। আর তার খেসারত স্বরুপ দ্রব্যমূল্য বৃদ্ধি চাপিয়ে দিয়েছে জনগণের ওপর। জনগণের প্রতি যেমন এদের কোনো দায়বদ্ধতা নেই তেমনি ভোটারের প্রতি ভরসাও নেই। কারণ নিরপেক্ষ ভোট দিলে তাঁরা কখনই ক্ষমতায় আসতে পারবেনা। সেজন্যই ভারত সরকারের শরণাপন্ন হয়েছে এ সরকার।
জাতীয়তাবাদী মহিলা দলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি রওনক জাহান রিনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর সংগঠনিক জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সদস্য সচিব শাহীন আকতার শাহীন প্রমূখ। আলোচনাসভা পরিচালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা হোসেন।