সিসি নিউজ: টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনকে আজগুবি ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ। বিবৃতিতে তিনি বলেন, ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বিদেশি নাগরিক হত্যাকান্ডের সঙ্গে জামায়াতের কর্মীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হয়েছে । যা সম্পূর্ণ ভিত্তিহীন। বিদেশি নাগরিক হত্যার সঙ্গে জামায়াতের কোনও সম্পর্ক নেই। আজাদ বলেন, জামায়াতে ইসলামীর সাথে আইএস-এর সম্পর্ক আছে বলে যে মন্তব্য করা হয়েছে তাও সম্পূর্ণ মিথ্যা। জামায়াতের এ নেতা বলেন, সরকারের ব্যর্থতাকে আড়াল করার হীন উদ্দেশ্যেই টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জামায়াতকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। দুই বিদেশি হত্যার ঘটনায় জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।