সিসি ডেস্ক: পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন দুপুরে ফেনী সদর ও পরশুরাম উপজেলার বিএনপির দুই মেয়র প্রার্থী এবং চাঁদপুরের ছেংগারচর পৌরসভার বিএনপির এক মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এছাড়া রাজশাহীর আড়ানি পৌরসভার আওয়ামী লীগ ও বিএনপির তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট অঞ্চলের রিটার্নিং কর্মকর্তারা পৌরসভা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করার কাজ শুর করেন।
সারা দেশে ২৩৫টি পৌরসভার নির্বাচনে ১,২২৩ মেয়র পদপ্রার্থী, কাউন্সিলর পদপ্রার্থী ৯,৭৯৮ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ২,৬৬৮ জন প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে যেসব বিবরণ, ব্যাংকের কাগজপত্র, টিআইএন নম্বর জমা দিয়েছেন তা যাচাই করা হচ্ছে। যাচাইয়ের কাজ কাল রবিবারও চলবে।
এর মধ্যে প্রথম দিনে শনিবার যাচাই বাছাই শেষে ফেনী সদর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বিএনপি নেতা ফজলুর রহমান বকুল ও পরশুরাম পৌরসভায় মেয়র প্রার্থী যুবদল নেতা মোস্তাফিজুর রহমান মাসুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এদিকে জমা দেয়া তথ্যে ‘গরমিল’ থাকার কারণে চাঁদপুরের ছেংগারচর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন বাছাই প্রক্রিয়ার মধ্যে দুপুরের আগেই তার মনোনয়নপত্র বাতিলের কথা জানান চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী।
সারোয়ারুল আবেদীন সাংবাদিকদের বলেন, আমি মনোনয়নপত্র জমাদানকালে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছি। কোন ধরনের ভুলত্রুটি ছিল না। এর পরও কেন আমার মনোনয়নপত্র বাতিল হয়েছে তা আমার বোধগম্য নয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানান তিনি।
নির্বাচন কমিশন জানিয়েছে, সম্ভাব্য প্রার্থীরা প্রচারকাজ শুরু করতে পারবেন ৯ ডিসেম্বর থেকে। তবে প্রার্থীরা চাইলে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন ১৩ ডিসেম্বর পর্যন্ত।
এরপর ১৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা বৈধ প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করবেন। এবারই প্রথম মেয়র পদপ্রার্থীরা দলীয় প্রতীক পাচ্ছেন।
আগামী ৩০ ডিসেম্বর এসব পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম রাজনৈতিক দলের প্রত্যক্ষ সমর্থন ও প্রতীক ব্যবহার করে পৌরসভার মেয়র পদে লড়বেন প্রার্থীরা।
গত ২৪ নভেম্বর দুপুরে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।