সিসি নিউজ : বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করবে ছাত্রলীগ। র্যালি ছাড়াও বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
ছাত্রলীগের দফতর সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ আগামী ৪ জানুয়ারি গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৮ বছর পূর্ণ করতে যাচ্ছে। বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির প্রয়াসে জাতির পিতার হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগ ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সকাল ৮টা এক মিনিটে কার্জন হলে কেক কাটা। সকাল দশটায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, নাইটিঙ্গেল ও পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।