সিসি নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ১৯ মার্চ কাউন্সিলকে সামনে রেখে দলের দ্বিতীয় নির্বাহী মহাসচিব বাছাই নিয়ে মেরুকরণ শুরু হয়েছে। দলের প্রভাবশালীরা নিজের পছন্দের ব্যক্তিকে সাংগঠনিকভাবে নির্বাচিত করার জন্য ব্যস্ত রয়েছেন এবং এ বিষয়টি নানা ধরনের দ্বন্দ্বের সৃষ্টি করেছে।
যদিও কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব নির্বাচিত হবেন। তবে দলটির শীর্ষ ও প্রভাবশালী নেতাদের কেউ কেউ তাকে এই দায়িত্ব দিতে নারাজ বলেও দলীয় সূত্রে জানা যায়। ২০১১ সাল থেকে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ফখরুল গ্রুপিংয়ের বিষয়ে উদাসীন। তাকে পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান এমন এক নেতা এমনটাই জানান।
সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মির্জা ফখরুল অনেকটাই এগিয়ে আছেন দলের অন্য নেতাদের চেয়ে। এছাড়া আওয়ামী লীগের আমলে মির্জা ফখরুল কারা ভোগ করেছেন। দলের নেতা-কর্মী ও জনগণের মধ্যে তার জনপ্রিয়তা বেশি বলে বিএনপির এক নেতা জানান। বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিএনপরি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি খাইরুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও বাংলাদেশ মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা মির্জা ফখরুলের পাশাপাশি রয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাজাহানসহ কিছু প্রভাবশালী নেতা স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুলের জন্য সমর্থন করছেন বলে দলীয় সূত্র জানায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও কারাগারে আটক মির্জা আব্বাসসহ দলটির আরেকটি গ্রুপের সদস্যরা মির্জা ফখরুলকে মহাসচিব হিসেবে সমর্থন করেন না। তারা স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে মহাসচিব হিসেবে চান। তবে স্বাস্থ্যগত কারণে তরিকুল এ পদের দায়িত্ব নিতে অনিচ্ছুক বলে বিএনপির সূত্র জানায়।
দলের কিছু নেতা জানান, গয়েশ্বর এই পদের একজন প্রার্থী। তবে আবার কেউ কেউ তাকে এই পদের জন্য সমর্থন করেন না বলেও জানান তারা। সবকিছু নির্ভর করছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তের ওপর। মির্জা ফখরুল নিউএজকে জানান এই বিষয়ে তার কোনো মন্তব্য নেই।
মহাসচিব পদ নিয়ে দলের মধ্যে মেরুকরণ হয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া তিনি দলের মহাসচিব প্রার্থীও নন বলেও জানান। তিনি বলেন, দলের চেয়ারপারসন দলের নীতিমালা মোতাবেক সবসময় মহাসচিব নির্বাচিত করে থাকেন।
তরিকুল ইসলাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তরিকুল ইসলাম দলের সবচেয়ে সিনিয়র রাজনীতিবিদ। এটি তার উপরে নির্ভর করছে তিনি মহাসচিব পদের প্রার্থী হবেন কি না।
নিউএজ