ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে মুখ খুলেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বলেছেন, ‘১/১১ এর সময়ে এরশাদের নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলাম। সে কারণে মাইনাস থ্রি ফরমুলায় এরশাদ পড়েননি।’
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।
গত রবিবার জামালপুর জেলা জাতীয় পার্টির সম্মেলনে এরশাদ এক-এগারোর কুশীলব হিসেবে তার দলের জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদের বিচার দাবি করেন। এক-এগারোর হোতাদের সঙ্গে হাত মিলিয়ে দলের ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হয়েছিলেন বলেও দাবি করেন সাবেক এ রাষ্ট্রপতি।
এরশাদের ছোট ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান করা নিয়ে জাতীয় পার্টিতে যে বিভাজন তৈরি হয়েছে তাতে এরশাদের প্রতিপক্ষ রওশন এরশাদের পক্ষ নিয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ।