ঢাকা: তিনি বলেন, সিটি করপোরেশন এবং উপজেলা নির্বাচন যেভাবে হয়েছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনও সেভাবেই হবে। জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
তিনি বলেন, এই নির্বাচন কমিশন সবসময় সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। এদের দ্বারা সুষ্ঠ নির্বাচন আশা করা যায় না। আগের নির্বাচন গুলোর মতই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে।
নোমান বলেন, দেশের একশ বছরের ইতিহাসে এই প্রথম বিনা প্রতিদ্বন্দিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে যা অতীতে কখনো হয়নি।
এ সময় তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন অতীতে অনেক ভূল করেছেন তাই যেখানে ইউপি নির্বাচনে যারা মনোনয়ন পত্র জমা দিতে পারেননি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সেখানে নতুন করে নির্বাচনের ব্যবস্থা করুন। তাহলে আপনাদের পাপ কিছুটা হলেও লাঘব হবে।
তিনি বলেন, একটি কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসক দেশ চালাচ্ছে, গুম খুন করে তারা শাসনতান্ত্রিকভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, গণতন্ত্রের লড়াই চলছে এদের বিরুদ্ধে।
বিএনপির কাউন্সিল প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, কাউন্সিলের জন্য নির্দিষ্ট স্থান দিচ্ছেনা সরকার কারণ এই কাউন্সিলে সারাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসবে আর এই মানুষগুলোকেই ভয় পায় সরকার।
একই আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, ৪৪ বছর আগে গণতন্ত্রের জন্য যেমন হাহাকার ছিল ঠিক তেমনি এখন গণতন্ত্রের জন্য দেশের মানুষ দিকবিদিক ছোটাছুটি করছে। শেখ হাসিনা ও ইয়াহিয়া খানের মধ্যে কোনো পার্থক্য নেই।
‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আজকের বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি এ্যাড.আব্দুস সালাম আজাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, সাবেক এমপি হেলেন জেরিন খান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।