সিসি নিউজ, ২৬ নভেম্বর।। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টা থেকে উচ্চ আদালতের প্রধান ফটকের জড়ো হতে থাকেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই উচ্চ আদালতের সামনে জড়ো হতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের। এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে দেখা গেছে সেখানে। নেতাকর্মীরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয়। তাঁরা সড়কে ব্যারিকেড দেয়ায় সুপ্রিম কোর্টের সামনের সড়কে যান চলাচল ব্যাহত করে।
নেতাকর্মীদের অবস্থানের কারণে কদম ফোয়ারা থেকে শাহবাগ পর্যন্ত সড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় পুলিশ তাদেরকে সরিয়ে যাওয়ার অনুরোধ করলে তারা অনড় অবস্থানে থাকে। একপর্যায়ে তাঁরা মুহুর্মুহু স্লোগান আর ঝটিকা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর দুপুর ২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এতে বেশ কিছু গাড়ী ভাংচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।