সিসি ডেস্ক, ৩০ ডিসেম্বর ।। রাজনৈতিক ফায়দা লুটতে নিজেদের অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটাতে পারে বিএনপি, মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ বিচ্ছিন্ন ঘটনা। সোমবার সেতু ভবনে জাপানের রাষ্ট্রদূত ইতো নোয়াকীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, রাজনৈতিক ফায়দা লোটার জন্যই বিএনপি তাদের নিজেদের কার্যালয়ের সামনে নিজেরাই ককটেল মারছে কিনা তা নিয়ে সংশয়ও প্রকাশ করেন।
আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী বলেন, ঢাকা সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হবে। আগের মেয়র ভাল না খারাপ তা বিষয় নয়। জরিপের ভিত্তিতেই গ্রহণযোগ্য ও জিততে সক্ষম প্রার্থীকেই বেছে নেওয়া হয়েছে।
পদ্মা সেতুতে আগামীকাল ২০তম স্প্যানে অবকাঠামো বসবে এবং এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান পদ্মা সেতুতে সংযুক্ত হবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, ২০২০ সালের জুলাই মাস পর্যন্ত সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হবে। এ লক্ষ্য পূরণ হলে নির্দিষ্ট সময়ের আগেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া যাবে পদ্মা সেতু। তবে পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৭৫ শতাংশ হয়েছে।
এর আগে, জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে ট্যুরিজম ও চট্টগ্রাম-কক্সবাজার সড়ক নেটওয়ার্ক উন্নয়নে জাপানকে আরো বিনিয়োগের আহ্বানও জানান ওবায়দুল কাদের।