খেলাধুলা ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে অবশেষে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল। সোমবার রাত পৌনে নয়টায় অস্ট্রেলিয়া দলকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মঙ্গলবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে তারা।
অবশ্য অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল শনিবার সন্ধ্যায়। তাদের অনুশীলনের জন্য নির্ধারিত ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠ। কিন্তু হঠাৎ তারা সিদ্ধান্ত পরিবর্তন করে সোমবার আসার কথা জানায়।
তবে শনিবারই অস্ট্রেলিয়া ছাড়ে সকারুরা। সেখান থেকে তারা যায় সিঙ্গাপুর। সিঙ্গাপুরে দুদিনের প্রস্তুতি ক্যাম্প সেরে সোমবার বাংলাদেশে আসে।
অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আগমণ উপলক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন স্টেডিয়ামের আশপাশের সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছ স্টেডিয়ামের আশপাশের গাড়ী চলাচলও।
বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগে সেপ্টেম্বরের ৩ তারিখ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল এশিয়ার চ্যাম্পিয়নরা।