খেলাধুলা ডেস্ক : মাঠে আম্পায়ারের সঙ্গে অখেলোয়াড়রসুলভ আচরণের জন্য এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। ফলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজ রংপুরের হয়ে অধিনায়কত্ব করছেন দলটির পাকিস্তানি অভিজ্ঞ ক্রিকেটার মিসবাহ-উল-হক।
আগের দিন সিলেট সুপারস্টারসের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে থিসারা পেরেরার শেষ বলটি মুশফিকের ব্যাটের পাশ দিয়ে গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক মোহাম্মদ মিথুনের গ্লাভসে। সে সময় লং-অনে ফিল্ডিং করতে থাকা সাকিব আউট ভেবে দৌড়ে উইকেটের কাছে চলে আসেন। কিন্তু মাঠের দায়িত্বে থাকা আম্পায়ার তানভীর আহমেদ সে আউটের আবেদন নাকচ করে দিলে সাকিব তা মেনে নিতে পারেননি। মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়ান সাকিব।
অখেলোয়াড়সুলভ আচরণ করায় লেভেল ওয়ান আর্টিকেলের ২.১.৪ এবং ২.১.৭ এর কোড অব কন্ডাক্টের আওতায় সাকিবকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ভিন্ন একটি কারণে আরও ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে। সিলেটের ব্যাটসম্যান মুনাবেরার সঙ্গে অশালীন কথা বলায় অর্থদন্ড দেওয়া হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।