খেলাধুলা ডেস্ক ।। গতকাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে মাঠে ঢুকে পড়েন রাসেল নামে এক দর্শক। ভোঁ-দৌড়ে চলে যান মোস্তাফিজুর রহমানের কাছে। বাংলাদেশ পেসারের পা ছুঁয়ে মাঠে বসে পড়েন হাঁটু গেড়ে। মাঠে ঢুকে পড়া মোস্তাফিজের সেই ভক্তকে আজ কারাগারে নেওয়া হয়েছে।
আটকের পর আজ সেই দর্শককে মিরপুর থানা-পুলিশ আদালতে হাজির করে। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ তাঁর সাত দিনের রিমান্ডের আবেদন করে। ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া রিমান্ড আবেদন নামঞ্জুরপূর্বক রাসেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন, তিনি মোস্তাফিজের ভক্ত। মোস্তাফিজের কাছে যাওয়ার জন্য তিনি মাঠে ঢুকেছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, ওই যুবকের অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা যাচাইবাছাই করার জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
পাকিস্তান ইনিংসের ১৪তম ওভার করতে বোলিং প্রান্তে যান মোস্তাফিজ। এ সময় আচমকা সেই দর্শক লোহার বেড়া টপকে ঢুকে পড়েন মাঠে। নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাঁকে মাঠ থেকে বের করে আনা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই দর্শকের নাম রাসেল।