• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন |

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়

সিসি নিউজ।। স্বাগতিকদের কোনো সুযোগই দিলেন না বাংলাদেশ অধিনায়ক। ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করলো ড্যাশিং ওপেনার তামিম। এতে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতে নিল টাইগাররা। বাংলাদেশ জিতেছে ৯ উইকেটে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ার লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। শুরু থেকেই রাবাদা, এনগিডিদের দেখেশুনেই খেলতে থাকেন তামিম-লিটন। প্রোটিয়া বোলারদের সামনে আজ বিধ্বংসী রূপ ধারণ করেছেন তামিম। ইনিংসের ১০ম ওভারের চতুর্থ বলে রাবাদাকে বাউন্ডারি হাঁকিয়ে দলের অর্ধশতক পূর্ণ করেন তামিম ইকবাল। রাবাদার ওই ওভারে চারটি বাউন্ডারি হাঁকান টাইগার অধিনায়ক।

ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে পূর্ণ করেন অর্ধশতক। ক্যারিয়ারে এটি তামিমের ৫২তম ফিফটি। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি টাইগার অধিনায়কের তৃতীয় ফিফটি। তামিম ইকবালের সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১২৭ রানের রেকর্ড জুটি গড়ে আউট হন লিটন। অর্ধশতক থেকে ২ রান দূরেই থামলেন লিটন। কেশব মহারাজকে ড্রাইভ করতে গিয়েছিলেন, তবে ঠিকঠাক তুলতে পারেননি। শর্ট কাভারে বাভুমার হাতে ধরা পড়েছেন তিনি। ৫৭ বলের ইনিংসে লিটন মেরেছেন আটটি চার। ১২৭ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে শুরুটা ভালই করে দুই ওপেনার। তবে বেশিক্ষণ এই জুটি টিকতে দেননি বাংলাদেশি স্পিনার মেহেদি হাসান মিরাজ। তার বলে ব্যক্তিগত ১২ রানে আউট হন কুইন্টন ডি কক। এরপর কাইল ভেরেইনেকে সাজঘরে ফেরান তাসকিন। আউট হওয়ার পূর্বে ৯ রান করেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান।

নিজের দ্বিতীয় উইকেট হিসেবে প্রোটিয়া ওপেনার জানেমান মালানকে আউট করেন তাসকিন। মালান ব্যাট হাতে তুলেন ৩৯ রান। আর সাকিবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ২ রান করেন বাভুমা।

এরপরও স্বাগতিকদের স্বস্তি দেয়নি টাইগাররা। রাসি ফন ডার ডুসেনকে ৪ রানে প্যাভিলিয়নে ফেরান শরিফুল ইসলাম। তাসকিন তার তৃতীয় উইকেট তুলে নেন প্রিটোরিয়াসকে ফিরিয়ে। ২০ রান করে আউট হন এ অলরাউন্ডার।

সেঞ্চুরিয়নে আজ আগুন ঝরিয়েছেন তাসকিন। স্বাগতিকদের কাঁপিয়ে একে একে তুলে নিয়েছেন প্রোটিয়াদের পাঁচ উইকেট। ১৬ রান করা ডেভিড মিলারকেও আউট করেন তাসকিন। আর ৪ রান করা কাগিসো রাবাদাকে আউট করে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নেন এ পেসার। এর আগে ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে পাঁচ উইকেট পেয়েছিলেন তাসকিন।

শেষ দিকে কেশভ মহারাজ ২৮ রান করেন। তবুও ৩৭ ওভারে ১৫৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে তাসকিনের ফাইফার ছাড়াও দুটি উইকেট নেন সাকিব আল হাসান, এছাড়া একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ।

ইতিহাস গড়ার লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। এ নিয়ে টানা ৬ ম্যাচে একই একাদশ খেলছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা পেসার ওয়েইন পারনেলের বদলে আজ খেলছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটকিপার), জানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনা, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাব্রেইজ শামসি, লুঙ্গি এনগিডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ