সিসি নিউজ ডেস্ক ।। সদ্য করোনামুক্ত হয়ে অনুশীলন ছাড়া মাঠে নেমেই দুর্দান্ত বোলিং। অথচ, এই সাকিবের ফিটনেস নিয়েই সন্দেহ ছিল প্রধান কোচের। আজ চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে সাকিব মোট ১৯ ওভার বল করে ৭ মেডেনসহ মাত্র ২৭ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ১.৪২।
ম্যাথুজের সেঞ্চুরিতে দিনশেষে শ্রীলঙ্কা ভালো অবস্থায় থাকলেও বাংলাদেশকে স্বস্তি দিয়েছেন সাকিব। তাই তার প্রশংসায় পঞ্চমুখ হলেন স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ।
আজ রবিবার দিনের খেলা শেষে সাংবাদিকদের রঙ্গনা হেরাথ বলেন, ‘সাকিবের মানের ক্রিকেটার খুব বেশি নেই। সে হয়তো কোনো অনুশীলন করেনি। কিন্তু আজ তার প্রথম বলটি ছিল নিখুঁত, যা এককথায় অসাধারণ। আমাদেরও তার ওপর অনেক আস্থা। সাকিব থাকলে দলের মধ্যে ভালো একটা ভারসাম্য তৈরি হয়। সে না থাকলে আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হয়, যে ব্যাট ও বলে অবদান রাখতে পারবে। সে যদি সব সময় খেলে, তাহলে দলও সব সময় ভারসাম্যপূর্ণ হবে। আজ খুবই ভালো বল করেছে। সেই সবচেয়ে কম রান দেওয়া বোলার। ‘
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম দিন শেষে শ্রীলঙ্কা ৪ উইকেটে ২৫৮ রান করেছে। দুই পেসার বিস্তর রান দিলেও উইকেট পাননি। লঙ্কানদের প্রথম দিন শেষে তিন শর নিচে রাখার কৃতিত্বটা তাই স্পিনারদেরকেই দিচ্ছেন হেরাথ, ‘টেস্টের প্রথম দিন হিসেবে ওরা আজ যা করেছে, তাতে আমি খুবই খুশি। বিশেষ করে সাকিব ও তাইজুল খুব ভালো করেছে। গত ১৮ মাসে নাঈম খুব বেশি টেস্ট ম্যাচ খেলেনি। তবে সে অনুশীলনের মধ্যে ছিল। ভাগ্য ভালো, শুরুতে উইকেট পেয়ে যাওয়ায় সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ‘