সিসি নিউজ ডেস্ক ।। পাকিস্তানের বিপক্ষে রানের ফেরার আভাস দিয়েছিলেন বিরাট কোহলি। হংকং-এর বিপক্ষে রানে ফিরলেন তিনি। তুলে নিলেন টি-২০ ক্যারিয়ারের ৩১তম ফিফটি। তার সঙ্গে ঝড়ো ফিফটি করেছেন সূর্যকুমার যাদব। তাদের ব্যাটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২ উইকেট হারিয়ে ১৯২ রানের সংগ্রহ পেয়েছে ভারত।
টস জিতে অনুমিত সিদ্ধান্ত বোলিং নিয়েছিল হংকং। ব্যাটিংয়ে নেমে ভারত ভালো শুরু করে। এক প্রান্ত দিয়ে ঝড়ো ব্যাটিং করা রোহিত শর্মা ফিরে যান ১৩ বলে ২১ রান করে। দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি। এরপর কেএল রাহুল ৫৬ রানের জুটি গড়েন বিরাট কোহলির সঙ্গে।
রাহুল ফিরে যাওয়ার আগে করেন ৩৯ বলে ৩৬ রান। দুটি ছক্কা মারেন ভারতীয় ওপেনার। পরের গল্পটা বিরাট এবং সূর্যকুমারের। তিনে নামা কোহলি ধীরে শুরু করেন। শেষ পর্যন্ত খেলেন ৪৪ বলে তিন ছক্কা ও এক চারে ৫৯ রানের ইনিংস।
তার সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন যাদব। তিনি ব্যাট হাতে তাণ্ডব চালান। মাত্র ২৬ বলে খেলেন ৬৬ রানের বিধ্বংসী ইনিংস। ছয়টি চারের সঙ্গে ছয়টি ছক্কা হাঁকান ভারতের ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটার। এর মধ্যে সূর্যকুমার ইনিংসের শেষ ওভারে হাঁকান চারটি ছক্কা।