কুষ্টিয়া: কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত দুটি তরবারি চুরি হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি জানানো হয়।
তরবারি চুরির ব্যাপারে গত বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় কুমারখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কুঠিবাড়ির কাস্টোডিয়ান মখলেচুর রহমান।
মখলেচুর রহমান জানান, গত ৩০ মার্চ বিকেল ৫টার দিকে প্রতিদিনের মতো কুঠিবাড়ির সব কক্ষ বন্ধ ও প্রধান ফটক সিলগালা করে তিনি সরকারি কাজে খুলনায় যান। এ সময় লাইব্রেরিয়ান কাম কাস্টোডিয়ান বাকী বিল্লাহ দায়িত্বে ছিলেন। পরদিন ৩১ মার্চ সকালে তিনি জানতে পারেন কুঠিবাড়ির দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষ থেকে আলমারিতে রাখা পাঁচটি তরবারির মধ্যে দুটি পাওয়া যাচ্ছে না। ওই আলমারির তালাও ভাঙা অবস্থায় পাওয়া যায়।
বিষয়টি সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান কাস্টোডিয়ান মখলেচুর রহমান। শিলাইদহে ফিরে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেন।
মখলেচুর রহমান আরো জানান, ৩০ মার্চ বিকেল থেকে বৃহস্পতিবার ৩১ মার্চ সকাল ১০টার মধ্যে যেকোনো সময় তরবারি দুটি চুরি হয়েছে।
এ ব্যাপারে জানতে কুঠিবাড়ির লাইব্রেরিয়ান কাম কাস্টোডিয়ান বাকী বিল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান জানান, শিলাইদহ কুঠিবাড়ি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত দুটি তরবারি চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বর্তমানে তরবারি দুটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।