সিসি ডেস্ক: ২০১৫ সালে চাকরিরত অবস্থায় বিভিন্ন পদবির ৩৫৪ জন পুলিশ সদস্য মারা গেছেন। এর মধ্যে ১২৬ জন কর্তব্যরত অবস্থায় জীবন দিয়েছেন। ওই পুলিশ কর্মকর্তারা যে আন্তরিকতা ও কর্তব্যনিষ্ঠা দেখিয়েছেন, তাঁদের সেই ভূমিকার জন্য স্বীকৃতি স্মারক দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পুলিশ কনভেনশন হলে নিহত পুলিশ পরিবারের সদস্যদের হাতে স্মারক তুলে দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিহত পুলিশ সদস্যদের জন্য এককালীন অনুদানের পরিমাণ তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত সদস্যদের জন্য সাহায্যের পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘পুলিশের জীবন উৎসর্গ অবশ্যই হৃদয়বিদারক ঘটনা। তাঁদের কর্তব্যনিষ্ঠার জন্য আমরা গর্বিত। তাঁদের প্রতি সম্মান রেখেই আমরা এ স্মারক সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত জামায়াতে ইসলামী, হেফাজত ও দুর্বৃত্তদের হামলায় নিহত বিভিন্ন পদবির ২৩ জন পুলিশ সদস্যের মধ্যে ১৭ জনের পরিবারকে এককালীন ১০ লাখ টাকা করে ১ কোটি ৭০ লাখ টাকা, চারজনের প্রতিজনের পরিবারকে ৮ লাখ টাকা করে ৩২ লাখ টাকা ও দুজনের পরিবারকে ৫ লাখ করে ১০ লাখ টাকাসহ মোট ২ কোটি ১২ লাখ টাকা দেওয়া হয়েছে। উৎস: প্রথম আলো



