সিসি নিউজ: আইপিএল ক্রিকেট জুয়া খেলার অপরাধে সৈয়দপুরে ৯ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশ শনিবার রাতে শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার দারুল উলুম মাদ্রাসা মোড় এলাকার এক খড়ির গোলায় এক জুয়ার আসর থেকে দন্ডপ্রাপ্তরা সহ মোট ১০ জুয়াড়ীকে আটক করা হয়।
সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই আব্দুল আজিজ ও এটিএসআই তোফায়েল আহমেদ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ১০ জুয়াড়িকে আটক করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে পলাশ (১৫) নামে অপ্রাপ্ত বয়স্ক জুয়াড়িকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়ে পরদিন ৯ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী শহরের ইসলামবাগ এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে আসফাক আহমেদ (৫২) কে ১ মাস ও শহরের বাঙ্গালীপুর নিজপাড়ার মৃত মকবুলের ছেলে আমিন (৩৬) ছমদ্দি মামুদের ছেলে লুৎফর রহমান (৪৮), গফুর উদ্দিনের ছেলে আবেদ আলী (৩০), পুরাতন বাবুপাড়ার মৃত আব্দুল কাসেমের ছেলে নওয়াব (৩০), ইউসুফের ছেলে মোনা (২৬), অফিসার্স কলোনীর আব্দুল্লাহর ছেলে শাহজাদা (২২), হাতিখানার তোফাজ্জলের ছেলে আরমান (২৮) ও কুজিপুকুর জিয়া বাজারের আব্দুল হামিদের ছেলে হাফিজুল (২৩) কে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।