যশোর: যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের আবু ইছা (৪৫) নামে একজন সাবেক ইউপি মেম্বারকে বাড়ি থেকে ধরে নিয়ে পুলিশ তার পায়ে গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
আহতের স্ত্রীর দাবি, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে পোশাক পরিহিত অবস্থায় পুলিশ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আর পুলিশের দাবি, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে তিনি আহত হন। আহত আবু ইছা বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আহতের স্ত্রী আফরোজা বেগম বলেন, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তাদের নলডাঙ্গাস্থ বাড়িতে ৮-১০ জনের একদল পোশাকধারী পুলিশ আসে। তারা আবু ইছাকে জামা গায়ে দিয়ে বের হতে বলে। পরে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। সকালে তিনি শুনতে পান, তার স্বামী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ জানান, ভোর রাত চারটার দিকে তারা বিশেষ অভিযানে ছিলেন। ওই সময় যশোর-মাগুরা সড়কের কোদালিয়া এলাকায় রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তার ডান পায়ে একটি গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, আহত আবু ইছাকে উন্নত চিকিৎসার্থে শনিবার সকাল দশটার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
শীর্ষ নিউজ