ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে যৌতুক মামলার আসামি পুলিশের এএসআই দোলোয়ার হোসেনকে জেল হাজতে প্রেরন করেছে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। মঙ্গলবার এএসআই দোলোয়ার হোসেন কোর্টে আত্মসর্ম্পন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সুকান্ত সাহা তাকে জেল হাজতে প্রেরন করে।
মামলা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও রুহিয়া ঘনিমহেশপুর গ্রামের সামশুল হকের মেয়ে ছবিতা আক্তারের সাথে সদর উপজেলা বোয়ালিয়া গ্রামের তরিফ উদ্দিনের ছেলে এএসআই দেলোয়ার হোসেনের সাথে ২০০৮ সালের ২৩ মে শরিয়ত মোতাবেক বিবাহ হয় এবং বর্তমানে তারা এক ছেলে ও এক মেয়ের জননী। বিবাহের পর থেকে যৌতুকের জন্য দেলোয়ার তার স্ত্রীর উপর নির্যাতন চালিয়ে যায়। এই নিয়ে বহুবার বেঠক, শালিশ হলেও এএসআই যৌতুক ছাড়া তার স্ত্রীকে গ্রহন করবে না বলে জানিয়ে দেয়। এর পর ২০১৬ সালের ১২ ই জানুয়ারি মোছা: ছবিতা আক্তার বাদি হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মামলাটি তদন্তের জন্য ঠাকুরগাঁও পুলিশ সুপারকে দায়িত্ব অর্পন করে।
অতপর ঠাকুরগাঁও সহকারি পুলিশ সুপার (সার্কেল) আবুল কালাম আজাদ মামলাটি তদন্ত করে এএসআই দেলোয়ার হোসেনরে বিরুদ্ধে যৌতুক আইনে ৪ ধারায় অপরাধ প্রাথমিক ভাবে প্রমানিত হয়েছে এই মর্মে রিপোর্ট প্রদান করে। এএসআই দেলোয়ার হোসেন কোর্ট থেকে সমন পাওয়ার পরেও আদালতে হাজির না হলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গতকাল মঙ্গলবার আদালতে আত্মসর্ম্পন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করে।