গাইবান্ধা : জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে কুড়িয়ে পাওয়া ২ কেজি ওজনের কোটি টাকা মূল্যবানের কথিত কষ্টিপাথরের মূর্তিটি এখন থানায়।
রোববার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা মূর্তিটি উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেন।
জানা যায়, ২১ মে উপজেলার মনিরাম গ্রামের শাহ আলম মিয়ার ছেলে সাইয়েদুল মোরসালিন এর বাড়ির পিছনে পরিত্যক্ত পুকুরে আম কুড়াতে গিয়ে মূর্তিটি কুড়িয়ে পায়। পরে শাহ আলম মূর্তিটি ১৮ জুন স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হুদার কাছে জমা দেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে কথিত কষ্টিপাথরের মূর্তিটি চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসারের (ভারপ্রাপ্ত) কাছে জমা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মূর্তিটি মূল্যবান ও রাষ্ট্রীয় সম্পদ। সে কারণে নির্বাহী অফিসার মূর্তিটি সীলগালা করে থানায় জমা দিয়েছেন।