বিশেষ প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত বাবা মোকছেদ আলীকে (৬০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। সোমবার রাত ১০টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউপির গোবিন্দপুর বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ঘাতক ছেলে আ. মালেক পলাতক রয়েছেন।নিহতের স্ত্রী আসমা খাতুন জানান, স্বামী মোকছেদ আলীর ৭-৮ বিঘা জমি রয়েছে। তিনি জমি বন্ধক রেখে জুয়া খেলতেন। বাড়িতে কোনো খরচ দিতেন না। তার তিন ছেলে মালেক ভ্যান চালক, আশরাফ ভাটায় কাজ করে সংসার চালায়। ছোট ছেলে এমরান প্রতিবন্ধী।
গত রোববার মোকছেদ এলাকার হাসনাতের কাছে ৩১ শতক জমি ১২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন।
জমি বিক্রির ঘটনায় বড় ছেলে আব্দুল মালেক ক্ষিপ্ত হয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তার ঘুমন্ত বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, বুকে ও পাঁজরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় বলে আসমা খাতুন জানান।
নিহতের বৃদ্ধা মা মাইশরী অভিযোগ করে বলেন, আমার ছেলেকে ওরা মা-বেটা মিলে হত্যা করেছে।
পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম জানান, হত্যার ধরন দেখে মনে হয়েছে ২-৩ জন মিলে পরিকল্পিতভাবে মোকছেদকে হত্যা করেছে। সোমবার রাতেই লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ মঙ্গলবার ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘাতক ছেলেকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান ওসি মাহমুদুল আলম।