নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে এক বীমা কর্মকর্তাকে হত্যা ও বাড়ীতে অগ্নিসংযোগের হুমকি দিয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ নিয়ে অসহায় বীমা কর্মকর্তা নিজের জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। হত্যার হুমকিদাতা হলেন, ডোমার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম হাফিজ।
আদালতে দায়ের করা মামলার বিবরনে জানা যায়, জেলার ডোমার উপজেলা সদরের বড় রাউতা কলেজ পাড়া এলাকার নুর ইসলামের ছেলে মমিনুর রহমান লিথু পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর আল বারাকা ইসলামী বীমার একজন এসডিজিএম। এ বছরের ১১ মে ওই বীমা কর্মকর্তা ডোমার দেবীগঞ্জ সড়ক দিয়ে ডোমার আসার পথে চিলাই পাগলা বাজার নামক স্থানে নুরু, রবিউল, দুলাল সহ কতিপয় দুস্কৃতিকারী তার পথরোধ করে তার ব্যাবহৃত একটি ১০০ সিসি মোটর সাইকেল ও ব্যাগে রক্ষিত লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ নিয়ে তিনি ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০২। এ মামলার সুত্র ধরে পুলিশ ছিনতাইকারীদের কাছ থেকে মোটর সাইকেলটি উদ্ধার করে ও আজিজুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। মামলা প্রত্যাহার তথা এরই জেরে ওই দুস্কৃতিকারীদের পক্ষ নিয়ে ডোমার সদর ইউপি’র চেয়ারম্যান হাফিজুল ইসলাম হাফিজ তার কতিপয় সাঙ্গপাঙ্গদের নিয়ে বীমা কর্মকর্তা লিথু’র বাড়ীতে এসে তার উপর চড়াও হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হলে তার বাড়ীতে অগ্নি সংযোগ ও তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ নিয়ে অদ্যাবদি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে হুমকির শিকার ওই বীমা কর্মকর্তা ও তার পরিবার। অবশেষে নিরূপায় হয়ে বীমা কর্মকর্তা নিজের ও পরিবারের অন্যান্যদের জীবন ও সম্পদ রক্ষার্থে আদালতে মামলা দায়ের করেছেন। মামলা নং-৫৯/১৬। আদালত মামলাটি আমলে নিয়ে ওই চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে সমন জারি করেন। এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান হাফিজুল ইসলাম হাফিজের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য জানা যায় নি।