নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জেলা ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আজমকে গ্রেফতার করেছে নীলফামারী সদর থানা পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে জেলা শহরের এবাদত প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আজ বিকালেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ২০১৩ সালের ৯ এপ্রিল বিএনপির ডাকা হরতাল সমর্থনে বের হওয়া মিছিল থেকে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় সে সময় নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক আরমান আলী বাদী হয়ে নামীয় ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সে মামলার নামীয় আসামী হচ্ছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আজম। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। আজ তাকে জেলা শহর থেকে গ্রেফতার করে পুলিশ। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেন।