সিসি ডেস্ক: এটিমের মাধ্যমে বণ্টন করা হচ্ছে মাতৃদুগ্ধ। ব্যাপারটা একটু অদ্ভুত শোনালেও ভারতের একটি হাসপাতালে সম্প্রতি মাতৃদুগ্ধের এটিএম চালু করা হয়েছে। যদিও অটোমেটেড টেলার মেশিন বা এটিএম দ্রুতগতিতে নগদ অর্থ উত্তোলনের মেশিন হিসেবেই পরিচিত।
বিশেষ এই এটিএমের পুরো নাম তামিল ভাষায় ‘আমুধম থাইপ্পল মাইয়াম’। এর অর্থ হচ্ছে মাতৃদুগ্ধের কেন্দ্র। সুস্থ মায়েদের কাছ থেকে দুধ জোগাড় করে এটিএমের মাধ্যমে বণ্টন করা হচ্ছে।
পুদুচেরির প্রখ্যাত ‘জিপমার’ হাসপাতালে কম ওজন বা অপুষ্ট যেসব শিশু জন্ম নেয়, তাদের অতি প্রয়োজনীয় মাতৃদুগ্ধ পান করানোর জন্য এই অভিনব প্রচেষ্টা শুরু করেছেন সেখানকার চিকিৎসকরা। বিশ্বের বিভিন্ন দেশেই কর্মরত মায়েদের জন্য মাতৃদুগ্ধ ব্যাংক রয়েছে।
এই এটিএম-এ স্বেচ্ছায় যে কোনও মা-ই বাড়তি দুগ্ধ দান করতে পারেন। তবে দাতা মায়ের এইডস, হেপাটাইটিস প্রভৃতি মরণ রোগ আছে কী না, সেটা ভালো করে যাচাই করে নেওয়া হয়। সংগৃহীত মাতৃদুগ্ধ প্যাসচুরাইজ করে রেখে দেওয়া হচ্ছে।
কলকাতার শিশুরোগ ও নবজাতক বিশেষজ্ঞ সুমিতা সাহা বলেছেন, মাতৃদুগ্ধ প্যাসচুরাইজ করার প্রয়োজন হয় না। পরিষ্কার বোতলে সাধারণ তাপমাত্রায় ৪ থেকে ৬ ঘন্টা তো রাখাই যায়। তবে ফ্রিজে রাখলে সেটা ২৪ ঘন্টা থেকে ৪ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। সূত্র : বিবিসি বাংলা