গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্রী মিম আকতারকে (১৫) ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় হেলাল মিয়া (২৮) নামে এক অপহরণকারীকেও আটক করা হয়। সোমবার সকালে আশুলিয়ার ইপিজেডের রপ্তানি গেট এলাকায় এই ঘটনা ঘটে।
মিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তু (নয়াপাড়া) গ্রামের আব্দুস সালাম মিয়ার মেয়ে। আর হেলাল জেলার পলাশবাড়ি উপজেলার শ্রীকলা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নবিউল জানান, মিম স্থানীয় কোমরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশুনা করতো। গত ১৯ জুন স্কুল বন্ধ থাকায় সে স্থানীয় কোমরপুর বাজারের রাশেদ মাস্টারের কোচিংয়ে যায়। কোচিং থেকে আসার পথে অপহরণের শিকার হয় মিম। এ ঘটনায় হেলালকে ১ নম্বর আসামি করে চারজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় অপহরণ মামলা করা হয়। গোপন খবর পেয়ে ঘটনার এক মাস ২৬ দিনপর তাকে উদ্ধার করা হয়। এ সময় হেলালকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, ভিকটিম ও আসামি এখনো থানায় পৌঁছায়নি। মামলার অপর ৩ আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।