চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ব্যাংক কর্মকর্তা মনির আহমেদ চৌধুরী হত্যা মামলার রায়ে মাকে যাবজ্জীবন ও ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. রবিউজ্জামান এই রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- হুমায়ুন কবির ও তার মা শামসুন্নাহার। মৃত্যুদণ্ডের পাশাপাশি হুমায়ুন কবিরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছে আদালত।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি সমীর দাশগুপ্ত বলেন, রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে হাজির ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৬ জুন চন্দনাইশ সদরে রূপালী ব্যাংক কর্মকর্তা মনির আহমদ খুন হন। এ ঘটনায় মনির আহমদের ছেলে তানভীর আহমেদ বাদী হয়ে শামসুন্নাহার এবং তার দুই ছেলে হুমায়ুন কবির ও শাওনকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন সন্ধ্যায় নিজের বাড়িতে শ্রমিকদের সঙ্গে নিয়ে কাজ করছিলেন মনির আহমদ। এ সময় হুমায়ুন ও শামসুন্নাহার জমি নিয়ে ‘পূর্ব শত্রুতার জের ধরে’ মনিরের ওপর হামলা চালান। হুমায়ুন শ্রমিকদের কাছ থেকে কোদাল কেড়ে নিয়ে মনিরকে এলোপাতাড়ি কোপান এবং শামসুন্নাহার লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।
গুরুতর আহত মনিরকে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। সেখানে তিনি মারা যান।
তদন্ত শেষে পুলিশের দেয়া অভিযোগপত্রে শাওনকে অব্যাহতি দেয়া হয়। ২০১২ সালের ২৮ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করে।
মামলায় ১১ জনের সাক্ষ্য শুনে সোমবার আদালত দুই আসামির সাজার আদেশ দিল।