কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জে দুর্বৃত্তের হাতে শিক্ষক হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কালিগঞ্জ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহন করে। এসময় বক্তব্য রাখেন কালিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক কৃঞ্চচন্দ্র সরকার, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবারক আলী বিএসসি, কালিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল আউয়াল, কালিগঞ্জ নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, শিক্ষক জরিনা বেগম, উম্মে কুলসুম কেয়া, স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক রাজু, আব্দুস ছাত্তার, শিক্ষার্থী রেহানা খাতুন, রাসেল প্রমুখ।
ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের আলটিমেটাম দেন। নাহলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষনা করা হয়।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে ডায়নারপার উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক ও কালিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম আব্দুল গনিকে দুর্বৃত্তরা আকষ্মিকভাবে হামলা চালিয়ে রক্তাত্ত জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় ৬জনকে আসামী করে নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। আসামীরা হলেন- মফিজুল হক (২৩), রিয়াজুল ইসলাম (৪৫), রুহুল আমিন (৫০), এমদাদুল হক (৩০), খাইরুল ইসলাম (২২) ও ফারুক হোসেন (২০)। এ ঘটনার ১০দিন অতিবাহিত হলেও পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে না পারায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।