সিসি
নিউজ : গাজীপুর টঙ্গী বিসিক শিল্প নগরীর টাম্পাকো ফয়েল কারখানার বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দু’টি লাশ উদ্ধার করা হয়েছে। কারখানার ধ্বংসস্তুপ অপসারণের সময় আজ সোমবার বেলা ১টা ও দেড়টার মধ্যে লাশ দু’টি পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন লাশ দু’টি উদ্ধার করে নিয়ে আসে।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই কারখানার ধ্বংসস্তুপ অপসারণের কাজ শুরু করে সেনাবাহিনীর ১৪ ইঞ্জিনিয়ারিং ব্যাটলিয়ন। ভেকু দিয়ে অপসারণের সময় ধ্বংসস্তুপের নিচে লাশ দু’টি দেখতে পাওয়া যায়।
সংশ্লিষ্টরা জানায়, অাগুনে শরীর এমনভাবে পুড়েছে তাদের চেনার কোন উপায় নেই। পুরো দেহই মনে হয় কয়লায় পরিণত হয়েছে। নিহতরা পুরুষ না নারী তাও বোঝার উপায় নেই।
ময়নাতদন্তের জন্য লাশ দু’টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে।
শনিবার ভোর ৬টার দিকে কারখানাটিতে বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত ওই ঘটনায় নিহতের সংখ্যা ৩৩-এ গিয়ে দাঁড়িয়েছে। তবে ওই কারখানার দেওয়াল চাপা পড়ে আসমা নামে এক পথচারী নিহত হয়েছেন বলে জানা গেছে। ওই নারীর স্বামী তার লাশ বাড়িতে নিয়ে গেছে।