আন্তর্জাতিক ডেস্ক : ঈদ-উল আযহায় গরু কুরবানি দেয়া হলে চুপ থাকা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির বিধায়ক রাজা সিং। তেলেঙ্গানার হায়দ্রাবাদের গোসমহল আসনের বিধায়ক রাজা সিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় সরকার ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ঈদ-উল আযহায় গরু জবাইয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশকেও পালন করা হচ্ছে না।
রাজা সিং বলেছেন, ‘আমি তেলেঙ্গানা সরকার এবং পুলিশকে জিজ্ঞেস করতে চাই যে, সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্মান করা হচ্ছে না কেন? গাভী, বাছুর এবং বলদ জবাইয়ের নিষেধ থাকা সত্ত্বেও একে উপেক্ষা করে পুরোনো শহরের কয়েকটি এলাকায় তা করা হবে। সরকারকে অবিলম্বে সুস্থ পশুকে জবাইয়ের হাত থেকে রক্ষা করতে হবে। পশু চিকিৎসক দিয়ে তাদের পরীক্ষা করে গো-শালায় পাঠিয়ে দেয়া উচিত।’
ঈদ-উল আযহা এবং গণেশ উৎসবকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তেলেঙ্গানা সরকার এবং পুলিশ দু টি উৎসব শান্তিতে সম্পন্ন করতে চায় না। যদি সরকার এ নিয়ে ব্যর্থ হয় তাহলে রাজ্যে শান্তির বাতাবরণ বিনষ্ট হতে পারে।’
রাজা সিংয়ের হুঁশিয়ারি, ‘যদি আপনারা আমাদের আবেগ নিয়ে খেলা করেন এবং আমাদের ধর্মীয় বিশ্বাসকে অসম্মান করেন তাহলে আমরা চুপ করে থাকব না। এর ফলে হায়দ্রাবাদে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’
বিজেপি’র ওই বিধায়কের দাবি, গো-রক্ষাজনিত কারণে তার বিরুদ্ধে এ পর্যন্ত ৬০ টি মামলা দায়ের হয়েছে এজন্য তিনি গর্বিত।