নীলফামারী প্রতিনিধি: জেলার সৈয়দপুর উপজেলা শহরের রেলওয়ে বাজারে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের বিশালাকার একটি কড়ই গাছ মাত্র ৫৬ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। সৈয়দপুর শহরের মুড়িহাটিতে রেলওয়ের জায়গায় অবস্থিত এ গাছটি নিলামে তোলে সৈয়দপুর পৌরসভা। রেলওয়ের জায়গায় অবস্থিত শতবর্ষী এই গাছটি কাটা নিয়ে শহরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া সাংবাদিকদের জানান, রেলওয়ের ২৫ একর সম্পতি পৌরসভার অধীনে থাকায় গাছটি নিলামে তোলেন তারা। এটি কিনেছে স্থানীয় একটি মাদ্রাসার কর্তৃপক্ষ। পরে তাদের কাছ থেকে সাবদার নামে এক পলিথিন ব্যবসায়ী গাছটি কিনে নেন। তিনিই গতকাল ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতের আঁধারে মূল্যবান গাছটি গাছটি কেটে ফেলেন। গাছটি কাটতে দেখে স্থানীয়রা সাংবাদিকরা নিলামের কাগজপত্র দেখতে চান। কিন্তু কোন কাগজপত্র দেখাতে পারেননি ওই ব্যবসায়ীর লোকজন। এ ব্যাপারে রেলওয়ের রাজশাহীর ভূসম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, রেলওয়ের গাছ কাটার অধিকার পৌরসভার নেই। সৈয়দপুরে রেলওয়ের জায়গা ও গাছ দেখভাল করেন রেলওয়ের আইডব্লিউ বিভাগ। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এর বেশী তিনি বলতে রাজী হননি।