পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকায় ১১ লাখ টাকাসহ ব্যবসায়ীকে অপহরণকারী হুমায়ুন কবীর (২৭) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। মঙ্গলবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ছোরা, একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, সোমবার দুপুরের দিকে পাট ব্যবসায়ী হাফিজুর রহমান ইসলামী ব্যাংক পীরগঞ্জ শাখা থেকে ১১ লাখ টাকা তুলে হাটে যাবার সময় একদল দুর্বৃত্ত ডিবি পরিচয় দিয়ে তাকে অপহরণ করে।
পুলিশ ও এলাকাবাসী মাইক্রোবাসটিকে ধাওয়া করে মিঠাপুকুর উপজেলার সাল্টি গোপালপুর থেকে পাঁচ দুর্বৃত্তকে আটক করে ব্যবসায়ী এবং ছিনতাই হওয়া ১১ লাখ টাকার মধ্যে নয় লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার করেছে।
ওসি আরও জানান, আটক দুর্বৃত্তদের সাথে নিয়ে অন্য সহযোগীদের গ্রেফতার করার জন্য মঙ্গলবার ভোরে পুলিশ অভিযান শুরু চালায়। তবে এসময় চন্ডিপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে হুমায়ুন কবীর নিহত হয়।
হুমায়ুনের বাড়ি বরিশাল জেলার কোতয়ালি থানার ডেকুলিয়া গ্রামে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।