ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে গেটলক ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৩টায় বড় খোঁচাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রংপুর থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস সদর উপজেলার বড় খোঁচাবাড়ি নামক স্থানে পৌঁছলে ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী একটি গেটলক বাসকে মুখোমুখি ধাক্কা দেয়। গেটলকের চালকসহ ৩০ জন আহত হন।
স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ সময় প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কজনের অবস্থা আশঙ্কাজনক।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, বিআরটিসি বাসটি ব্রেক ফেইল হওয়ার কারণে অপর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানি ঘটেনি।