পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকালে শ্যালো মেশিন, পাম্প ও পাইপসহ বালু উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জামাদি আটক করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ম্যাজিষ্ট্রেট ফিরোজ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার বালু উত্তোলন সরঞ্জামদি আটক করা হয়। ফিরোজ হাসান জানান, নদীতে বোরিং করে বালু উত্তোলনের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে এক শ্রেনীর অসাধু বালু ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে পাঁচবিবির ছোট যমুনা ও তুলশী গঙ্গাসহ কয়েকটি পয়েন্ট থেকে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় মালামালগুলো আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তবে তদন্ত করে এসব অবৈধ বালু উত্তোলনকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সহকারী কমিশনার (ভুমি) আশ্বস্থ করেন।