সিসি ডেস্ক: দিনাজপুরের বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামের প্রেমকাঙ্গাল দুর্গা মণ্ডপে বুধবার (৫ অক্টোবর) ভোররাতে ভাংচুরের এ ঘটনা ঘটে।
প্রেমকাঙ্গাল দুর্গা মণ্ডপের পুরোহিত বিপুল চন্দ্র জানান, মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে পূজার পূর্বপ্রস্তুতির বেশ কিছু কার্যক্রম সমাপ্ত করে রাত ১২টার দিকে বাড়ি চলে যাই। পরদিন সকালে এসে প্রতিমার বেশ কিছু অংশ ভাঙ্গা দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণিকভাবে পূজা পরিচালনা কমিটিকে অবহিত করি।
পূজা পরিচালনা কমিটির সভাপতি ভূপতি পাল জানান, বুধবার (৫ অক্টোবর) সকালে পূজার কেনাকাটার বিষয় নিয়ে পূজা কমিটির একটি সভা চলছিল। এ সময় পুরোহিত বিপুল চন্দ্র এসে প্রতিমা ভাংচুরের বিষয়টি আমাদের জানান। আমরা তাৎক্ষণিকভাবে পূজা মণ্ডপে গিয়ে দেখি বেশ কয়েকটি প্রতিমা ভাংচুর করা হয়েছে। বিষয়টি আমরা প্রশাসনকে অবহিত করেছি।
উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন, ওসি আবু আককাছ আহম্মেদ, সমাজসেবা অফিসার মো. মতিয়ার রহমান, শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন, বীরগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি দীনেশ চন্দ্র মহন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহম্মেদ জানান, ঘটনা উদঘাটনে আমরা অনুসন্ধান শুরু করেছি। অপরাধী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ধরনের ঘটনা আর যেন না ঘটতে পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। দ্যা রিপোর্ট