সিসি নিউজ: পুজোর কাউন্টডাউন শেষ। রাত পোহালেই দেবীর বোধন। আজ বৃহস্পতিবার মহাপঞ্চমী। খড়-কঞ্চি-মাটি-রং কর্মযজ্ঞে দেবী দুর্গার রূপদান সমাপ্ত। শাস্ত্র মেনে ত্রিনয়নী দেবীর চক্ষুদান হবে আজ। চারদিকে এখন শারদীয় দুর্গোৎসবের আনন্দ-শিহরণ। শুরু হচ্ছে বাঙালি হিন্দু সমপ্রদায়ের প্রাণের উৎসব, শারদীয় দুর্গোৎসব। শুক্রবার মহাষষ্ঠী। দশমীতে দুর্গা বিসর্জন। দুর্গতি বিনাশ করার জন্য তার আবির্ভাব, তাই দেবীর নামকরণ ‘দুর্গা’।
আজ মন্দিরে মন্দিরে ঠাঁই নিবেন ঠাকুর। রাতের মধ্যে সাজসজ্জা লাইটিং করা হবে। এবার নীলফামারী জেলায় ৮১৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলার বিভিন্ন মন্দিরে সরজমিনে ঘুরে দেখা যায়, শেষ দিনে সব মন্দিরে চলছে আলোকসজ্জা, তোরণ ও প্যান্ডেল তৈরীর কাজ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা চলাকালীন, পটকা, আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ছুরি, দাহ্য পদার্থ, ব্যাগ, পোটলা ইত্যাদি নিয়ে পূজামণ্ডপ এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজান ও নামাজের সময় সহনশীল আচরণ প্রত্যাশা করা হয়েছে। মাইক ও লাউডস্পিকার বন্ধ রাখতে অনুরোধ করেছে পুলিশ কর্তৃপক্ষ।