খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় বাল্যবিয়ে রেজিষ্ট্রি করে দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত মোস্তের রহমান নামে নিকাহ রেজিস্টারকে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের শহিদুল ইসলামের ১৬ বছরের কন্যা সাথে একই উপজেলার খামারপাড়া ইউনিয়নের কাশেম আলীর ছেলে তরিকুল ইসলামের (২১) পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। সেই অনুযায়ী আত্মীয়-স্বজনদের নিমন্ত্রণ করা হয়। কিন্তু মেয়ের নিজ বাড়িতে বিয়েটি সম্পন্ন না করে তার মামা (মেয়ের মামা) ইউনুস আলীর ছেলে বিল্টু মোহাম্মদের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। এঘটনা জানতে পেরে ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, গ্রাম পুলিশসহ ওই বিয়ে অনুষ্ঠানে উপস্থিত
হন। এসময় ওই বিয়ে রেজিষ্ট্রার দিনাজপুর সদর উপজেলার লালবাগ এলাকার নিকাহ রেজিস্টার মো. মোস্তের রহমানকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাজেবুর রহমান ওই নিকাহ রেজিস্টারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।