সিসি নিউজ: স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বখাটের হামলায় গুরুতর আহত খাদিজা বেগম নার্গিস অবশেষে তার বাবাকে ‘আব্বু’ বলে ডেকেছেন। তিনি তার বাবা-মাকে চিনতেও পারছেন।
মঙ্গলবার রাতে খাদিজার বাবা বলেন, খাদিজা আজ আমাকে খুব আস্তে আব্বু বলে ডেকেছে। আমি নিজে শুনেছি। সে আমাকে ও তার মাকে চিনতে পারছে বলে আমার মনে হচ্ছে। তবে ব্যথায় মাঝেমধ্যে গোঙাচ্ছে।
সৌদিপ্রবাসী মাশুক মিয়া মেয়ের ওপর হামলার খবর পেয়ে গত ৬ অক্টোবর দেশে ফিরে আসেন। একই দিন দেশে আসেন খাদিজার ভাই শাহীন আহমেদ। চীনের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহীন সোমবার চীনে ফিরে গেছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে মাশুক মিয়া বলেন, তারা ধারণা করছেন, দু–তিন মাস পরে খাদিজার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
তিনি আরও জানান, খাদিজা এখন কোনো কৃত্রিম যন্ত্রের সাহায্য ছাড়াই অল্পখাওয়াদাওয়া করছেন। বেশির ভাগ সময়ই তাকে তরল খাবার দেয়া হচ্ছে।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা বেগম এখন হাই ডিপেনডেন্সি ইউনিটে আছেন। তার শরীর থেকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের যন্ত্রপাতি ও খাওয়ানোর জন্য যন্ত্রপাতি খুলে নেয়া হয়েছে।
শারীরিক অবস্থার আরও উন্নতি হওয়ায় হাই ডিপেনডেন্সি ইউনিট থেকে খাদিজাকে দু-চার দিনের মধ্যে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।
গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের (ডিগ্রি) ছাত্রী খাদিজা বেগম পরীক্ষা দিয়ে ফেরার পথে বদরুল আলমের হামলার শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর অচেতন অবস্থাতে খাদিজাকে ওই দিন রাতে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।