ঢাকা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বাসায় মিলন টিকাদার (২০) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোর ৫টার দিকে রাজধানীর বেইলি রোডের ২৯/এ মিনিস্টার অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ওই গৃহকর্মী আত্মহত্যা করতে পারে।
মিলন টিকাদারের বাবার নাম বিজন টিকাদার। তার বাড়ি মাগুরা জেলার সদর থানায়।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে প্রতিমন্ত্রীর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মিলনের লাশ উদ্ধার করে পুলিশ। গামছা ও লুঙ্গি একসঙ্গে বেঁধে গলায় ফাঁস নিয়েছেন মিলন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) এহসানুল ফেরদাউস গনমাধ্যমকে জানান, বুধবার ভোরে প্রতিমন্ত্রীর বাসা থেকে মিলনের গলায় ফাঁস নেয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়। এর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, মিলন দুই বছর ধরে ওই বাসায় কাজ করে আসছিলেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে