দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি এলাকার মাদক বিক্রেতা মতিয়ার রহমান, প্লাবন, মিম, মন্টি ও ফতে’র গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন পালন করেছে এলাকাবাসি।
রোববার (২৭ নভেম্বর) বেলা ১২টায় শহরের জেলা শিল্পকলা একাডেমীর সামনের সড়কে ঘাসিপাড়া হামিদুর রহমান আদর্শ পাঠাগারের আয়োজনে এলাকাবাসি এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধনে উল্লেখিত মাদক বিক্রেতাদের গ্রেফতার ও বিচারের দাবী সম্বলিত বিভিন্ন পোষ্টার ও ব্যানার বহন করা হয়। এ সময় ঘাসিপাড়া হামিদুর রহমান আদর্শ পাঠাগারের সদস্যসহ এলাকাবাসি মাদক বিক্রেতাদের দ্রুত গ্রেফতার করে তাদের বিচারের দাবী জানান। তারা বলেন, এই মাদক বিক্রেতাদের কারণে চাউলিয়াপট্টি, ঘাষিপাড়া, পাটুয়াপাড়া, বালুয়াডাঙ্গাসহ আশপাশের এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার জন্য মাদক বিক্রি বন্ধসহ মাদক বিক্রেতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
মানববন্ধনে ঘাসিপাড়া হামিদুর রহমান আদর্শ পাঠাগারের সভাপতি মো. জুবিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. আল মামুন, সদস্য মো. সাবরুল রাকিব রাজু, রুপম, সেলিম, মো. মঞ্জুরুল ইসলাম, মো. জামান, মো. জামাল, মো. আলম, মো. মাসুদ, হিরা, সুজন, পান্না, সুনীলসহ ঘাসিপাড়া, পাটুয়াপাড়া, চাউলিয়াপট্টি ও আশপাশের এলাকার শতাধিক এলাকাবাসি অংশগ্রহণ করেন।